কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

নিহত আদনান আলতাফ (২৮)। ছবি : দৈনিক আজকের কথা
কলেজ ক্যাম্পাসের কাছেই উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জলাশয়টি ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গজ দূরে অবস্থিত।
নিহত আদনান ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া দাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে এবং বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি ভারতীয় খাবারের হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
নিখোঁজের খবর পেয়ে পুলিশ ও কলেজ প্রশাসন বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি চালায়। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জলাশয়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়। এরপর থেকে পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর ও অভিযান চালাচ্ছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রকাশিত সংবাদটি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রস্তুত ও পুনর্লিখন করা হয়েছে। নতুন বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
এসপি জাহাঙ্গীরসহ পুলিশ কর্মকর্তাদের টার্গেট, অভিযোগের আড়ালে বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা?

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার; রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের আড়ালে পুলিশের অভ্যন্তরীণ তথ্য ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিতর্ক, অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তবে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে অভিযোগের প্রকৃত ভিত্তি, প্রমাণের গ্রহণযোগ্যতা এবং তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেবল যোগাযোগের অভিযোগ কিংবা সন্দেহের ভিত্তিতে কোনো কর্মকর্তাকে অপরাধী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হওয়া জরুরি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।
পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে ডিআইজি তা অস্বীকার করেন। তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে পুলিশের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাষ্ট্রদ্রোহ কিংবা গোপন তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ ওঠার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিযোগ যদি যথাযথ প্রমাণ ছাড়া কেবল সন্দেহ, অনুমান কিংবা কাল্পনিক তথ্যের ভিত্তিতে দাঁড় করানো হয়, তাহলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবন ধ্বংস করার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীর মনোবল ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কোনো কর্মকর্তা অপরাধে জড়িত থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু অভিযোগের নামে হয়রানি, উদ্দেশ্যপ্রণোদিত মামলা কিংবা প্রমাণহীন অভিযোগের সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
উল্লেখ্য, এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
৩০ সেতুর উচ্চতা ও নাব্যতা সংকটে আটকে গেল গোমতী নৌবন্দর প্রকল্প

বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর চালুর সম্ভাবনা যাচাইয়ে বিআইডব্লিউটিএর পরিদর্শন, নদীর ১৪টি স্থানে নাব্যতা সংকট; অবকাঠামো সংস্কার নিয়েও নতুন করে ভাবনা
কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ ছয় বছরেও আলোর মুখ দেখেনি। গোমতী নদীর নাব্যতা সংকট, নদীর ওপর নির্মিত সেতুগুলোর উচ্চতা এবং বিভিন্ন অবকাঠামোগত প্রতিবন্ধকতায় থমকে আছে সম্ভাবনাময় এ প্রকল্প। দীর্ঘ বিরতির পর প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ে আবারও তৎপরতা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ নভেম্বর) গোমতী নদীর দাউদকান্দি প্রান্ত থেকে শুরু করে ভারতের সঙ্গে সীমান্তবর্তী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নদীপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামসহ একটি প্রতিনিধিদল। নৌপথ সচল করে প্রস্তাবিত নৌবন্দর চালুর সম্ভাবনা যাচাই করতেই এ পরিদর্শন।
পরিদর্শনকালে নদীর বিভিন্ন অংশের নাব্যতা পরিস্থিতি, রেলওয়ে সেতু এবং আঞ্চলিক সড়কের ওপর নির্মিত সেতুগুলো পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সংশ্লিষ্টদের মতে, নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি অন্তত ৩০টি সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এসব অবকাঠামো নৌযান চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে পরিদর্শন দলের প্রধান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, সরেজমিনে নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণ নদীর তুলনায় গোমতীর ঢাল অনেক বেশি। ফলে পানি দ্রুত মেঘনা নদীতে চলে যায়। অন্য নদীর মতো পানির প্রবাহ ধরে রাখতে হলে গোমতীকে আরও গভীর করে খনন করতে হবে। এ ছাড়া ভারতের অংশে থাকা বাঁধ থেকেও সব সময় পানি ছাড়া হয় না। তাই প্রকল্প বাস্তবায়নে সব বিষয় বিবেচনায় নিতে হবে।
নদীর ওপর নির্মিত সেতুগুলোর বিষয়ে তিনি বলেন, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। নৌযান চলাচল নিশ্চিত করতে এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পটি শুরু হয়েছিল। কিন্তু নদীর ওপর থাকা বিভিন্ন অবকাঠামো বড় বাধা হয়ে দাঁড়ায়। সেগুলো অপসারণ বা সংস্কার করতে প্রকল্পের মূল ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে। এ কারণেই প্রকল্পের কাজ থেমে যায়। তবে এটি বন্ধ হয়নি, স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, কুমিল্লার সঙ্গে রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা রয়েছে। বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও সময় লাগবে। এ অবস্থায় দ্রুত যোগাযোগব্যবস্থা কার্যকর করতে নৌপথ সচল করা গুরুত্বপূর্ণ। সরকারও এ বিষয়ে আগ্রহী। প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব।
এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীপথটি অন্তর্ভুক্ত করা হয়। ওই বছরের ৫ সেপ্টেম্বর এ পথে ১০ টন সিমেন্ট নিয়ে একটি বার্জ ভারতের সোনামুড়ায় যায়। তবে গোমতী নদীর অন্তত ১৪টি স্থানে নাব্যতা সংকট, সেতুর উচ্চতা কম থাকাসহ নানা প্রতিবন্ধকতায় নিয়মিত নৌযান চলাচল শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল নদীপথ পরিদর্শন করে।
কায়কোবাদের সুস্থতা কামনায় দারোরার প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করলেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দারোরার সব মসজিদে দোয়া মাহফিল
সৌদি প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের উদ্যোগে ১৯ নম্বর দারোরা ইউনিয়নের প্রতিটি গ্রামের মসজিদে বিশেষ দোয়া
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের গণমানুষের নেতা ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় ইউনিয়নের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর ইউনিয়নের প্রতিটি গ্রামের মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. লুৎফর রহমানের উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।































