প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

১৮ বছর পূর্তিতে নেতৃত্বে পরিবর্তন—আবারও সম্পাদক কিশোর চন্দ্র বালা

IMG 20260418 WA0000
মো. সিফাত-ই মঞ্জুর রোমান, বরিশাল

১৮ বছরে ‘শালিণ্য’র শক্তিশালী অবস্থান—সভা-কাউন্সিলে নতুন নেতৃত্ব, আবারও সম্পাদক কিশোর চন্দ্র বালা

বরিশালে ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শালিণ্য’র ২১তম বার্ষিক সাধারণ সভা ও ৮ম দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবীরা উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও শোক প্রস্তাবের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয় এবং শালিণ্য ওপেন স্কাউট গ্রুপের কাব ও স্কাউট সদস্যদের মাঝে বিভিন্ন ক্যাম্প ও সমাবেশে অংশগ্রহণের সনদ বিতরণ করা হয়।

প্রথম অধিবেশনে সম্পাদকের দ্বি-বার্ষিক প্রতিবেদন ও আর্থিক রিপোর্ট অনুমোদন শেষে সাধারণ আলোচনার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে ৭২ জন সদস্যের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য ২৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজা খানম লিপি, সিনিয়র সহসভাপতি এসএম তাইজুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক অধ্যাপিকা টুনু রানী কর্মকার। টানা ১৮ বছর ধরে ৮ম বারের মতো সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কিশোর চন্দ্র বালা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের অভিজ্ঞ ও নবীন নেতৃত্ব।

উল্লেখ্য, শালিণ্য বরিশালে সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে শতাধিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে, যা তাদের কার্যক্রমের স্বীকৃতি বহন করে।

প্রিন্ট করুন