প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিঃশব্দে বিদায় নিলেন আলোর প্রদীপ—মাওলানা গোলাম রব্বানী আর নেই, শোকে স্তব্ধ পলাশবাড়ী

Untitled design 20260418 151505 0000
সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে :

দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষায় নিষ্ঠা, সততা ও আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন তিনি

গাইবান্ধার পলাশবাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় শিক্ষক, আলোকিত মানুষ গড়ার কারিগর, পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
জীবনের দীর্ঘ সময় তিনি উৎসর্গ করেছেন শিক্ষা ও দ্বীনের খেদমতে। পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শুধু একজন শিক্ষক নন—তিনি ছিলেন প্রজন্ম গড়ার কারিগর, যার হাতে গড়ে উঠেছে অসংখ্য ইমাম, ওলামা-মাশায়েখ, হাফেজ, ক্বারী ও আলোকিত মানুষ।
স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, একজন আদর্শ মানুষ। জীবনের শেষ দিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন—এটাই ছিল তার জীবনের মূল সাধনা।
মরহুম মাওলানা গোলাম রব্বানী পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মরহুম শামস উদ্দীনের সন্তান। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজার নামাজ আগামীকাল ১৯ এপ্রিল রোববার সকাল ১০টায় নিজ গ্রাম বড় গোপালপুরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম (লেবু) মাওলানা এমপি, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
একজন আলোকিত মানুষ বিদায় নিলেন—কিন্তু রেখে গেলেন জ্ঞান, আদর্শ আর অসংখ্য মানুষের হৃদয়ে অমলিন স্মৃতি।

প্রিন্ট করুন