প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চগড়ে ৫০ নদীর ইতিহাস খুঁজতে লেখক কর্মশালা

IMG 20260418 WA0009
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় :

পঞ্চগড়ে ৫০ নদ-নদী নিয়ে গবেষণার মহাযজ্ঞ, লেখকদের দিনব্যাপী কর্মশালা

পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে চলা ৫০টি নদ-নদী নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে দিনব্যাপী লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংগঠন ‘কারিগর’ এ গবেষণা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিষদ এ উদ্যোগে সহযোগিতা করছে।

কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, লেখক ও গবেষক শফিকুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।

আয়োজকরা জানান, কর্মশালার মূল লক্ষ্য পঞ্চগড়ের নদ-নদীগুলোকে সচল ও জীবন্ত রাখতে গবেষণাভিত্তিক একটি সুসংহত উদ্যোগ গড়ে তোলা। এ গবেষণার মাধ্যমে নদ-নদীর অবস্থান সরেজমিনে চিহ্নিত করা, তাদের ইতিহাস-ঐতিহ্য, মিথ, কৃষি ও অর্থনীতিতে অবদান, সভ্যতার বিকাশে প্রভাব, পরিবর্তনের ধারা ও কারণ অনুসন্ধান করা হবে।

এছাড়া নদীগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় নির্ধারণ করে একটি কার্যকর রূপরেখা ও প্রস্তাবনা প্রণয়ন করা হবে। জেলার লেখক, গবেষক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে নদ-নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট করুন