টেকনাফে একদিনে তিন যুবক হত্যার ঘটনায় ৪০ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত কাউকেই এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় মানবপাচারকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে ঘিরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—মুজিবুর রহমান, আমিনুল ইসলাম রবি ও নুরুল বশর। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে এলাকায় একাধিক অভিযান চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, বুধবার বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ময়নাতদন্ত, দাফন-কাফনসহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে শিগগিরই মামলা হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অপহরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই তিনজন নিহত হন। প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, নিহত ব্যক্তিরাও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং একটি অপহরণ চক্রের সদস্য ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

ফারুকুর রহমান, টেকনাফ :