প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

জ্বালানি দামের ধাক্কা: প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

asas7 202604231319386949050753
আজকের কথা ডেস্ক :

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটসহ আন্তঃজেলা সব পরিবহনেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে কার্যকর হবে; সিএনজিচালিত বাস এর আওতায় পড়বে না।

তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর পর থেকেই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের আলোচনা চলছিল।

নতুন ভাড়া কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন রুটে যাত্রীদের পরিবহন ব্যয় কিছুটা বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রিন্ট করুন