প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে ‘ফর্মালিন-কার্বাইড’যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

IMG 7595
এবিএম আতিকুর রহমান বাশার

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত নাস্তা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত তালিকায় থাকা খাবারের মধ্যেই জীবননাশক বিষাক্ত কেমিক্যাল—ফর্মালিন ও কার্বাইডযুক্ত উপাদান ছিল বলে অভিযোগ করেন এক আলোচক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ও উপস্থিতদের মাঝে পুষ্টিকর নাস্তা পরিবেশন করা হয়।

এ সময় দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার অভিযোগ তুলে বলেন, পরিবেশিত নাস্তায় বিদেশ থেকে আমদানিকৃত ফর্মালিনযুক্ত খেজুর, প্রক্রিয়াজাত প্যাকেটজাত দুধ এবং কার্বাইডে পাকানো কলা ছিল। এসব খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, দেবীদ্বারের বাজারগুলোতে অধিকাংশ কলাই কার্বাইড দিয়ে পাকানো হয়। একইভাবে আমদানিকৃত খেজুরেও ফর্মালিন ব্যবহারের আশঙ্কা রয়েছে।

অভিযোগের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালাম জানান, নাস্তার তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীই পরিবেশন করা হয়েছে।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, দেবীদ্বার বাজারে অধিকাংশ কলাই কার্বাইড দিয়ে পাকানো হয়—এটি উদ্বেগজনক। তিনি তাৎক্ষণিকভাবে স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশ দিয়ে কলার আড়তগুলো চিহ্নিত করে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেন। পাশাপাশি কার্বাইডের ক্ষতিকর দিক তুলে ধরেন।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়ব স্বনির্ভর বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালাম। আলোচনায় অংশ নেন শিশু বিশেষজ্ঞ ডা. শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. সাদাত ইরতিশিয়াম, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুলসহ অনেকে।

আলোচকরা পুষ্টিকর খাবার গ্রহণ, অতি প্রক্রিয়াজাত খাদ্য বর্জন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফর্মালিন ও কার্বাইডযুক্ত খাবার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মোবাইল কোর্ট জোরদারের দাবি জানান।

প্রিন্ট করুন