প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

cumilla1 1776959339 13687 1776959423
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গুপ্ত শিবির’ বলে কটূক্তি করাকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

আহতদের দেখতে হাসপাতালে যান সাবেক ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নেতা মুজিবুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, “এই হামলার মাধ্যমে বিএনপির চিরচেনা সন্ত্রাসী চেহারা আবারও প্রকাশ পেয়েছে।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, “আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করছি। যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক—এটাই আমাদের দাবি।”

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট করুন