

কুমিল্লার দেবীদ্বারে তেলবাহী একটি ট্রাক থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের দিবানিশী হোটেলের পশ্চিম পাশে মহসীনের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি তেলবাহী ট্রাক থেকে পাইপের মাধ্যমে প্লাস্টিক ড্রামে ডিজেল নামানোর সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। তবে ট্রাকচালক মোরশেদ আলম পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন তেলবাহী যানবাহন ও পাম্প থেকে ডিজেল সংগ্রহ করে মজুত রেখে বেশি দামে বিক্রি করে আসছিল।
আটকরা হলেন—মুরাদনগর উপজেলার রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) এবং দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)। পলাতক ট্রাকচালক মোরশেদ আলমকেও মামলায় আসামি করা হয়েছে।
অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২০০ লিটার, তিনটি ছোট কন্টেইনারে ৭০ লিটার এবং দোকান থেকে আরও তিনটি কন্টেইনারে ৭০ লিটারসহ মোট ৩৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি তেলবাহী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজন ও পলাতক চালকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মামলা দায়ের করেছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”