প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কা: সংসদ, বাহিনীর স্থাপনা ও জনসমাগম টার্গেটে সতর্কবার্তা

1777063053593
আজকের কথা ডেস্ক :

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা নিয়ে দেশব্যাপী সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠি (স্মারক নং- ৪৪.০১.০০০০.০১৯.৫৪.০০১.২৬-৯০০) সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য ইমতিয়াজ আহমেদ, সানি ওসমান ও তাদের সহযোগীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার পরিকল্পনা করছিল।

চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, জঙ্গিরা জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শপিং মল ও বিনোদন কেন্দ্রসহ জনসমাগমপূর্ণ এলাকায় হামলা চালাতে পারে। বিশেষভাবে উল্লেখ করা হয়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ছদ্মবেশে আক্রমণ চালানোর পরিকল্পনাও নিতে পারে।

এ প্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি ‘জরুরি/গোপনীয়’ হিসেবে জারি করা হয় এবং এতে ১ পৃষ্ঠার সংযুক্তি রয়েছে। এটি পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (কনফিডেনশিয়াল) কর্তৃক স্বাক্ষরিত।

চিঠির অনুলিপি অ্যাডিশনাল আইজিপি (অপারেশনস), র‍্যাব, সিআইডি, এপিবিএন, নৌ-পুলিশ, পুলিশ স্টাফ কলেজ, বিপিএ, ট্রাফিক বিভাগ, ডিএমপি কমিশনারসহ দেশের সকল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া অপারেশন কন্ট্রোল রুমে ফ্যাক্সের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রিন্ট করুন