চট্টগ্রামে সরকারি প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন বুলেট বৈরাগী (৩৫) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তা। গত ২৪ এপ্রিল রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সর্বশেষ কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থানের কথা জানিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
নিখোঁজ বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত। তিনি চট্টগ্রামে অনুষ্ঠিত ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
পরিবার সূত্রে জানা গেছে, যাত্রাপথে কয়েক দফা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না মেলায় শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজের বাবা সুশীল বৈরাগী।
তিনি বলেন, “ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল টমছমব্রিজ এলাকায়। এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। এখন প্রশাসনের সহায়তা ছাড়া আর কোনো উপায় নেই।”
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ সরকারি কর্মকর্তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বুলেট বৈরাগীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

রোমানা আক্তার, বিশেষ প্রতিনিধি