প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

২৮ লাখ টাকার চালান উধাও, তিন জেলায় পুলিশের অভিযানে আংশিক উদ্ধার

IMG 20260425 WA0009
সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী প্রতিনিধি :

নারায়নগঞ্জ রূপগঞ্জ থেকে চুরি হওয়া আরএফএল (RFL) কোম্পানির বিপুল পরিমাণ মালামালের একটি অংশ গাইবান্ধার পলাশবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম থেকে মালামালবিহীন ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল প্রায় ২৮ লাখ টাকার পণ্য নিয়ে ‘দ্যা সেভস অটোমোবাইল ট্রান্সপোর্ট’ কোম্পানির একটি ট্রাক রূপগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটির চালক ছিলেন যশোর জেলার কামাল ওরফে সুমন। নির্ধারিত সময়ে পণ্য গন্তব্যে না পৌঁছালে সন্দেহ তৈরি হয় এবং বিষয়টি রূপগঞ্জ থানায় জানানো হয়। পরে একটি সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ ও আরএফএল-এর আইটি টিম যৌথভাবে ট্রাকের জিপিএস ট্র্যাকিং শুরু করে। এতে ট্রাকটির অবস্থান বগুড়ার নন্দীগ্রাম এলাকায় শনাক্ত হয়। পরবর্তীতে নন্দীগ্রাম থানা পুলিশের সহায়তায় একটি নির্দিষ্ট স্থান থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মালামালের অবস্থান গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় শনাক্ত করা হয়। এ তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী থানা পুলিশ ২৪ এপ্রিল অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গুদাম থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৭৬ কার্টুন পণ্য উদ্ধার করে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় ডিপ্লোমা চিকিৎসক জামশেদ নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষরা কৌশলে তার গুদামে মালামাল রেখে যায়। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের মাল সরিয়ে নিতে বলেন। তার মতে, স্থানীয় সিসিটিভি ফুটেজ যাচাই করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়েছে এবং তা রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। রূপগঞ্জ থানার পক্ষ থেকেও জানানো হয়েছে, মামলার তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন