প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাতের কুমিল্লায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় নগরবাসী

1777305235993
এবিএম আতিকুর রহমান বাশার

ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে কুমিল্লা নগরীর রাতের পরিবেশ ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মর্মান্তিক হত্যাকাণ্ডে তাঁর পরিবার-স্বজনদের পাশাপাশি পুরো কুমিল্লাবাসীই হতবাক। এ ঘটনায় নগরজুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার না থাকায় ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে পদুয়ার বাজার, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, টমছমব্রিজ, শাসনগাছা, কুমিল্লা মেডিকেল কলেজ এলাকা, রেলস্টেশনসহ নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি রাতের বেলায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেল এলাকা থেকে জাগুর ঝুলি ও আলেখার চর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাতে পরিবহন থেকে নামা যাত্রীরা সিএনজি অটোরিকশা বা ইজিবাইকে ওঠার পর সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে।

সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় বাস থেকে নেমে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান কুমিল্লা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। তাঁর মৃত্যুতে নগরবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তাররা হলেন—ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন রাত ১০টার দিকে চট্টগ্রামের দামপাড়া থেকে ঢাকাগামী বাসে ওঠেন বুলেট বৈরাগী। রাত পৌনে ৩টার দিকে কুমিল্লা অংশে নেমে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। সেখানে আগে থেকেই অবস্থান করা ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে মোবাইল, ব্যাগ, ক্যামেরা ও জুতা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাঁকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে কোটবাড়ী এলাকায় সড়কের পাশে তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এবং ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন। তিনি বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

ঘটনার পর নগরবাসী দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন