
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার আগামী তিন মাস সহায়তা প্রদান করবে। তিনি বলেন, হাওড়াঞ্চলসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কৃষকদের দুর্দশা লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে কলিম উদ্দিন আহমেদ জরুরি জনস্বার্থে বিষয়টি তুলে ধরে বলেন, টানা ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জসহ হাওড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং কঠিন পরিস্থিতিতে ধান কাটতে বাধ্য হচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের সংশ্লিষ্ট তিন জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, হাওড় অঞ্চলের কৃষকদের এই দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। সংসদ অধিবেশন শুরুর আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু এলাকায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করে আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে।

