খুশীর সংবাদ: গোমতী বেড়িবাঁধের উপর ৪ লাইন সড়ক নির্মানের প্রস্তাবনা আসছে
কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত গোমতী নদীর বাম পাশে ৪ লেইন সড়ক নির্মানের প্রস্তাব উঠেছে।
কুমিল্লা-৬ আসনের সাংসদ মনিরুল হক চৌধূরী পানিউন্নয়ন বোর্ড (পাউবো)’র উর্ধতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। খুব শীঘ্রই বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও জানা গেছে।
গত ২৪ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আশ্রাফুজ্জামান খান দেবীদ্বার এলাকার আরও চারটি ভাঙ্গনঝুঁকিপূর্ণ স্পট পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি স্থানীয় সাংবাদিক ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সঙ্গে আলাপকালে প্রস্তাবনার বিষয়টি তুলে ধরেন।
প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, গোমতী বেড়িবাঁধে ৪ লেইন সড়ক নির্মাণ করা হলে একদিকে নদীর ভাঙন প্রতিরোধ হবে এবং বাঁধ আরও টেকসই হবে, অন্যদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর চাপ কমবে।
এছাড়া সড়ক নির্মাণে খরচও তুলনামূলক কম হবে। কারণ পাউবোর নিজস্ব জমি থাকায় জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। গোমতী নদীর চর থেকে মাটি পাওয়ায় অতিরিক্ত মাটি কেনার দরকারও হবে না। শুধু কার্পেটিংসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজেই সড়ক নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে কুমিল্লা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও নদী তীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবিএম আতিকুর রহমান বাশার