প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মেলেনি প্যারোল, জেলগেটেই বাবার মরদেহে শেষ বিদায় ছাত্রলীগ নেতার

Untitled 22 20260430054036
আজকের কথা ডেস্ক

বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আহসান শাহরুখ বাবার মৃত্যুর পরও প্যারোলে মুক্তি না পাওয়ায় জেলগেটেই শেষবারের মতো বাবাকে দেখেছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শাহরুখের বাবা আবুল বাশারের মরদেহ বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলগেটে নেওয়া হলে তাকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে আবুল বাশার মারা যান।

জানা গেছে, গত শুক্রবার রাতে নগরীর নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে পুলিশ শাহরুখকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

শাহরুখের স্বজন ও বন্ধু আল-আমিন জানান, তাকে এ নিয়ে তিনবার গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ থানায় ডেকে নেওয়ার পর থেকেই পরিবার উদ্বেগে ছিল। ছেলের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন আবুল বাশার।

স্বজনরা জানান, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার বিষয়টি জানার পর দীর্ঘ সময় কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে জানানো হয়, প্যারোলে মুক্তি সম্ভব নয়—জেলগেটেই সাক্ষাৎ করতে হবে।

পরবর্তীতে মরদেহ নিয়ে জেলগেটে গেলে একসঙ্গে তিনজনের বেশি প্রবেশের অনুমতি না থাকায় মরদেহ বহন করতেও ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

প্যারোলের আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, “আমরা প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। কিন্তু তা নাকচ করে জেলগেটে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। তিনি অফিসে না থাকায় হোয়াটসঅ্যাপে বিষয়টি জানানো হয়। পরে জেলা প্রশাসক জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন এবং সে অনুযায়ী স্বজনদের অবহিত করা হয়।

প্রিন্ট করুন