প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় দুর্নীতি প্রতিরোধে অস্থায়ী অভিযোগ বুথ চালু

IMG 20260430 WA0002
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

“আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই, সবাই মিলে গড়বো দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলায় গণশুনানির প্রস্তুতির অংশ হিসেবে নির্দিষ্ট কয়েকটি স্থানে অস্থায়ী অভিযোগ বুথ খোলা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়সহ সদর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব বুথে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাইবান্ধার আয়োজনে আগামী ৯ মে ২০২৬ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়, সদর উপজেলা পরিষদ ও পাবলিক লাইব্রেরির সামনে স্থাপিত বুথে অভিযোগ নেওয়া হবে। এছাড়া ০১৭২৭-৩৭৩৯৫৬ ও ০১৩১৯৬৬৪৫৯১ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে বলে নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা ফেরদৌস রায়হান।

আগামী ১১ মে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে প্রাপ্ত অভিযোগগুলোর ওপর ভিত্তি করে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সচিব খালেদ রহিম।

দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. রওশন মিয়া জানান, শুনানিতে রংপুর বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভুক্তভোগী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে ২৭ এপ্রিল গাইবান্ধা জেলা প্রশাসন ও দুদকের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রিন্ট করুন