প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের বিদায় ও সংবর্ধনা: আবেগে ভরা এক স্মরণীয় আয়োজন

IMG 20260430 WA0004
মো: সিফাত ই মঞ্জুর রোমান

স্নাতক (সম্মান) সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচ (শিক্ষাবর্ষ ২০২০–২০২১) পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকায় সম্প্রতি এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনটি শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দ, বেদনা ও স্মৃতিচারণের এক অনন্য মেলবন্ধন।

গত ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা তাদের প্রিয় কলেজ ক্যাম্পাস থেকে বিদায় নেন। চার বছরের স্নাতক কোর্স সেশনজট ও নানা প্রতীক্ষার কারণে দীর্ঘ ছয় বছরে সম্পন্ন হয়। এই দীর্ঘ সময়ে গড়ে ওঠা বন্ধুত্ব, সংগ্রাম, হাসি-কান্না ও অভিজ্ঞতার অসংখ্য স্মৃতি যেন ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ ইমরান খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক মিরাজুল ইসলাম, প্রভাষক দিবা নওরীন শিউলী, প্রভাষক মাহফুজার রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সিনিয়র, জুনিয়র ও শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে স্মৃতিময় দিনগুলোর নানা দিক। তবে শিক্ষকদের বক্তব্য ছিল বিশেষভাবে হৃদয়স্পর্শী। অধ্যক্ষ তার সহজ, আন্তরিক ভাষণে শিক্ষার্থীদের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

বিভাগীয় প্রধান তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, স্নেহ ও ভালোবাসার এক অনন্য প্রকাশ ঘটান। বিদায়ের মুহূর্তে তার আবেগঘন কণ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতির সৃষ্টি করে। অন্যান্য শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও আশীর্বাদ ব্যক্ত করেন, যা অনুষ্ঠানকে আরও আবেগময় করে তোলে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও সফল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শুধু একটি বিদায় নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসা, সম্পর্ক ও স্মৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন