নওগাঁর পত্নীতলা উপজেলার সন্তোষপাড়া গ্রামে একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তির ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী শ্রী রুপচাঁদ রবিদাস বাদী হয়ে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সন্তোষপাড়া মৌজায় অবস্থিত বিষহরি মন্দিরের উন্নয়ন ও পূজা-অর্চনার কাজে ব্যবহৃত দেবোত্তর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা চাষাবাদ করে আসছিলেন। জমিটির মালিকানা নিয়ে আদালতে মামলা (নং-২১২/২০০৮) চলমান থাকলেও বিবাদীরা সেটি জবরদখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ করা হয়।
বাদীর দাবি, গত ২৫ এপ্রিল দিবাগত রাতে মো. মোমিনুল ইসলাম (৪০), মো. মামুন ইসলাম (৫০) ও মো. আনোয়ার হোসেন (৬০)সহ অজ্ঞাত কয়েকজন লাঠিসোটা ও বিষ স্প্রে করার সরঞ্জাম নিয়ে মন্দিরের জমিতে প্রবেশ করে প্রায় ৪৫ শতাংশ জমির ধানে বিষ প্রয়োগ করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া, ২৭ এপ্রিল দিবাগত রাতেও একই কায়দায় আরও ৩০ শতাংশ জমির ধান নষ্ট করা হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা বলে দাবি ভুক্তভোগীদের।
অভিযোগকারী শ্রী রুপচাঁদ রবিদাস বলেন, “লোকমুখে খবর পেয়ে জমিতে গেলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। মন্দিরের উন্নয়নের একমাত্র উৎস এই জমি। পরিকল্পিতভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী শুশিল রবিদাস, ফুলবাবু রবিদাস ও বাবু রবিদাসসহ স্থানীয়রা জানান, রাতের আঁধারে এমন ঘটনার পর মন্দির কমিটি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।
পত্নীতলা থানা সূত্রে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :