

গাইবান্ধার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রায় তিন লক্ষাধিক মানুষের জন্য নির্ভরযোগ্য এই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে মোট ৪০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। ফলে ২৮টি পদ শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সার্জারি, মেডিসিন, নাক-কান-গলা, চর্মরোগ, হৃদরোগ, চক্ষু, অর্থোপেডিক ও শিশুরোগ বিভাগের সেবা কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছে।
চিকিৎসক সংকটের কারণে অনেক রোগীকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে রোগীদের সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে।
এছাড়া হাসপাতালের অবকাঠামোগত সমস্যাও গুরুতর আকার ধারণ করেছে। দুটি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও বর্তমানে একটি সচল রয়েছে। এক্স-রে মেশিন থাকলেও প্রয়োজনীয় ফিল্ম না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। ডেন্টাল চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
বিদ্যুৎ সমস্যাও বড় একটি প্রতিবন্ধকতা। জেনারেটর থাকলেও জ্বালানি না থাকায় বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়, যা জরুরি সেবায় বিঘ্ন সৃষ্টি করছে।
নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল। পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে এবং চিকিৎসক-নার্সসহ কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত শূন্য পদ পূরণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হলে স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।