নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কাঁচপুর সেতুর নিচ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিএসসি (CPSC)-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহল দল সেতুর একটি পিলারের নিচে রাখা সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়।
তল্লাশি শেষে ব্যাগের ভেতর থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র সেখানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের কথা ডেস্ক