প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বাসার ঠিকানা প্রকাশে নিরাপত্তাহীনতায় মাহমুদা মিতু

image 287163 1777618727
আজকের কথা ডেস্ক

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা উন্মুক্ত রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা না হওয়ায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান।
মিতু লেখেন, “একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক? একজন অপরিচিত ব্যক্তি নির্বাচন কমিশনের দেওয়া ঠিকানা দেখে সরাসরি আমার বাসার সামনে চলে এসে কল দিয়েছেন। বিষয়টি আমাকে স্তম্ভিত করেছে।”

তিনি জানান, প্রথমবার মনোনয়ন সংগ্রহের সময়ও বিষয়টি নিয়ে তিনি আপত্তি তুলেছিলেন। তখন জেলা প্রশাসন থেকে জানানো হয়, এটি নির্বাচন কমিশনের একটি নির্ধারিত ফরম্যাট।

‘জিরো টলারেন্স’ নীতির পর চাঁদাবাজি ও দখল অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?

ফলাফল দেখুন

নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই নেত্রী লেখেন, “বাসায় আমার সন্তান ও মা থাকেন। আমি অধিকাংশ সময় বাইরে থাকি। এভাবে ঠিকানা প্রকাশ পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে এর আগে অন্তত ২০ থেকে ২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

সম্প্রতি এক রাতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, “গতকাল রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো তারা অন্য কোনো কারণে ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলাম। যে দেশে সামান্য টাকার বিনিময়ে মানুষ খুন হয়, সেখানে এমন বিষয়কে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।”

মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে এসব নিয়ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় না। প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার স্বার্থে তিনি নির্বাচন কমিশনকে দ্রুত এই নিয়ম পরিবর্তনের জোর আহ্বান জানান।

প্রিন্ট করুন