

হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাগানবাসী ও স্থানীয় সচেতন মহল।
বাগান সূত্র জানায়, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব অভিযোগের বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বাগানের শৃঙ্খলা, শ্রমিক কল্যাণ, উৎপাদন বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাগানের হেড ফ্যাক্টরি ক্লার্ক এম. কায়ছার বলেন, বর্তমান ব্যবস্থাপক উৎপাদন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তরিক। তার বিরুদ্ধে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর।
অভিযোগ প্রসঙ্গে ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বাগানবাসীরাও জানান, বর্তমান ব্যবস্থাপকের সময়ে বাগানে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, যাচাই ছাড়া অপপ্রচার সমাজে বিভ্রান্তি তৈরি করে। তারা এ ধরনের মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।