প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কুমিল্লার দেবীদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে

1777825211970
এবিএম আতিকুর রহমান বাশার

কুমিল্লার দেবীদ্বারে চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ (৪৮)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন।

একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপর একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দেবীদ্বার থানায় নিয়ে আসে। পরে রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন