প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

রফিকুল ইসলাম রবির উদ্যোগে রাজশাহীতে ফ্রি লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা

1777826983163
মো. মনোয়ার হোসেন, রাজশাহী

রফিকুল ইসলাম রবির উদ্যোগে রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যের লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা। শোকাহত পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহীতে প্রিয়জন হারানোর পর লাশ পরিবহনে অতিরিক্ত খরচ অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি “লাশ নিয়ে ব্যবসা নয়” স্লোগান সামনে রেখে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেন।

এই সেবাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। আলোচনায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশন এলাকার মধ্যে নির্ধারিত ব্যবস্থাপনায় শোকাহত পরিবারগুলোকে বিনামূল্যে এই সেবা দেওয়া হবে।

রফিকুল ইসলাম রবি বলেন, প্রিয়জন হারানোর সময় একটি পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। সেই মুহূর্তে লাশ পরিবহনের অতিরিক্ত খরচ চাপিয়ে দেওয়া অমানবিক। তিনি জানান, মানুষের শেষ বিদায় যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়—এই লক্ষ্যেই তার এই উদ্যোগ।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এই কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, তারা প্রতিদিন মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখেন।

অতিরিক্ত ভাড়ার কারণে অনেক পরিবার চরম ভোগান্তিতে পড়ে। তাই মানবিক দিক বিবেচনায় তারা এই ফ্রি সেবায় সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
ইতোমধ্যে এই উদ্যোগকে কেন্দ্র করে রাজশাহী নগরজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, রফিকুল ইসলাম রবি এর আগেও পথশিশু সহায়তা, মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ, ফ্রি ওয়াইফাই জোনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থেকে প্রশংসা কুড়িয়েছেন।

প্রিন্ট করুন