
দেবীদ্বারে ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অবৈধ তিনটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে এবং ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাফিদ খান।
অভিযানে মেসার্স সোনিয়া ব্রিকস, মেসার্স দেবীদ্বার ব্রিকস ও মেসার্স রাসেল ব্রিকস নামের তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, চরবাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৮(৩) লঙ্ঘন করা হয়েছে। এ অপরাধে আইনের ধারা ১৮(২) অনুযায়ী সোনিয়া ব্রিকস ও দেবীদ্বার ব্রিকসকে ৭৫ হাজার টাকা করে এবং রাসেল ব্রিকসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবীদ্বারে ব্রিকফিল্ড অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার বিশ্বাস। অভিযানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন জানান, নিষিদ্ধ এলাকায় ব্রিকফিল্ড পরিচালনার কারণে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেবীদ্বার ব্রিকফিল্ড অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

