প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে প্রান্তিকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

IMG 20260507 WA0014
অনলাইন ডেস্ক

পিরোজপুরে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রকাশ্যে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পিরোজপুর শহরের পার্টি হাউস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পিরোজপুর শাখা ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের ইভিপি মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি-এর সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তালুকদার।

ইসলামী ব্যাংক বরিশাল জোনের ইভিপি ও জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের পক্ষ থেকে নারী ও পুরুষ প্রতিনিধি ব্যাংকিং সেবা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যোগ্য গ্রাহকদের মাঝে ঋণ ও বিনিয়োগের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক, ভূমিহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এ স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন