প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

“জনগণের সরকার জনগণের কল্যাণেই কাজ করছে”—ধর্মমন্ত্রী কায়কোবাদ

blue medium
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লার মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কৃষিবান্ধব নীতিতে এগোচ্ছে এবং কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার কৃষক কার্ডসহ বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

ধর্মমন্ত্রী কায়কোবাদ দাবি করেন, বর্তমান সরকার ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তার ভাষায়, “এই সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণেই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

অনুষ্ঠানে কাজিয়াতল গ্রামের যুব নেতা মো. কামাল উদ্দিন পিন্টু শতাধিক লোক নিয়ে ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ অর্থবছরে মুরাদনগরের ২২টি ইউনিয়নে মোট ১৬৭টি কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে বেড প্ল্যান্টার, ধান ও ভূট্টা মাড়াই যন্ত্র, ধান কর্তন যন্ত্র এবং সেচ পাম্প।

প্রিন্ট করুন