প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় ঘুষ দাবি করতে গিয়ে ভুয়া দুদক কর্মকর্তা আটক

IMG 20260510 WA0004
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব রতন জানান, জাফরুল্লাহ নামের এক ব্যক্তি নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে অডিটর কৌশিকুল ইসলামের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ঘুষ দাবি করেন তিনি।

তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে কয়েকটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অফিসের অডিটর কৌশিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদাউস বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্যা আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেছে। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন