প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মা দিবসে ১০ মায়ের হাতে স্বাবলম্বিতার উপহার

IMG 20260510 WA0017
সামস উদ্দীন চৌধুরী কামাল, পঞ্চগড় থেকে :

মা দিবসে সেলাই মেশিন বিতরণ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে জেলার বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী ১০ মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন, যাতে তারা নিজেরাই আয়-রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি মায়ের হাতে একটি করে গোলাপ ফুল ও অনুপ্রেরণামূলক বইও তুলে দেওয়া হয়। এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী মায়েরা।

সেলাই মেশিন পাওয়া মা লাকী বেগম বলেন, “কাজ শিখছি, কিন্তু টাকার অভাবে মেশিন কিনতে পারি নাই। আজ মা দিবসে মেশিন পাইছি, খুব উপকার হইছে। বই আর গোলাপ ফুলও দিছে, আমি অনেক আনন্দিত।”

অনুষ্ঠানে উপস্থিত হেল্পিং হিউম্যান ফাউন্ডেশন–এর সদস্য সাজ্জাদ হোসেন বলেন, “অনেক মা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েও শুধু মেশিনের অভাবে কাজ শুরু করতে পারছিলেন না। তাই মা দিবসে ১০ জন উদ্যমী মায়ের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন।”

মা দিবসে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির মাধ্যমে এসব মায়ের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তারা ভবিষ্যতে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা আয়োজকদের।

প্রিন্ট করুন