“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকার টাওয়ার হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফারিয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীদ্বার শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুবক্কর সিদ্দিকের সঞ্চালনায় অধিকার আদায়ের মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ জালাল জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, এসিআই কোম্পানির প্রতিনিধি মো. গোলাম রাব্বানী, হাসান ইমাম, মোহাম্মদ আলী ও মহিউদ্দিন শুক্কুসহ আরও অনেকে।
এসময় দেবীদ্বার উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় দুই শতাধিক ফার্মাসিটিক্যালস প্রতিনিধি ও ফারিয়ার সদস্য মানববন্ধনে অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বৈষম্য, অনিশ্চয়তা ও নানা কর্মসংকটের মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়ন জরুরি।
অধিকার আদায়ে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
- সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টার কর্মদিবস নিশ্চিত করা অথবা অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা প্রদান,
- চাকরির মেয়াদ অনুযায়ী গ্র্যাচুইটির হার বৃদ্ধি,
- বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর টি.এ/ডি.এ বিল বৃদ্ধি,
- মোট বেতনের কমপক্ষে ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ,
- চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের জন্য বিনামূল্যে মোটরসাইকেল বা যানবাহনের ব্যবস্থা,
- এবং কোনো কর্মীকে চাকরিচ্যুত করলে ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিকে ন্যূনতম ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করা।
বক্তারা আরও বলেন, ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এবিএম আতিকুর রহমান বাশার