প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

২৬ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজকের কথা ডেস্ক

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শাহজাহানপুর থেকে আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি আলোচিত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কালামকে (৪৩) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ২৬ বছর আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া কালাম পাকুন্দিয়া উপজেলার চর লক্ষিয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া থানার মামলা নং-০৪ (০৯) ২০০১, দায়রা মামলা নং-০৩/২০০৩ এবং জিআর নং-৩৭৫ (০২) ২০০১-এর হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত কালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন।

সম্প্রতি তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান শুরু করে। এ সময় র‍্যাব-৩, শাহজাহানপুর ক্যাম্পের সহযোগিতা নেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কালামের অবস্থান শনাক্ত করে সোমবার দিবাগত রাতে তাকে শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ ঢাকায় গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘ ২৬ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা পাকুন্দিয়া থানা পুলিশের বড় সফলতা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ট্যাগ: পাকুন্দিয়া হত্যা মামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিশোরগঞ্জ সংবাদ, শাহজাহানপুর গ্রেপ্তার, পলাতক আসামি গ্রেপ্তার

প্রিন্ট করুন