
কুমিল্লার দেবীদ্বারে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন (প্রত্যাশা-২)” এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা ব্র্যাক ইমিগ্রেশন প্রত্যাশা-২ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসবন্ধু ফোরামের উপজেলা সভাপতি মো. সাদেক খান মেম্বারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক ইমিগ্রেশনের সেক্টর স্পেশালিস্ট ও সাইকো সোশাল কাউন্সিলর আজরা মাসুমা।
এছাড়াও বক্তব্য দেন বারেরা ব্র্যাক ইমিগ্রেশন প্রত্যাশা-২ কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকা, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ইউপি সদস্য মুন্না মেম্বার, মো. আব্দুল গফুর মেম্বার, মো. জামাল মেম্বার, মো. আমিনুল ইসলাম মেম্বার, মো. বাবুল মেম্বার, মো. আব্দুল মতিন, ইউপি সদস্য হাসিনা আক্তার, সাহানা বেগম, বিউটি আক্তার ও মাদ্রাসা শিক্ষক শেখ মো. আব্দুল কাদেরসহ অনেকে।
সভায় অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি ও ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি বিদেশে প্রতারণার শিকার ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন, চিকিৎসা, কর্মসংস্থান এবং মানসিক সহায়তা প্রদানের বিষয়েও মতবিনিময় করা হয়।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রবাসবন্ধু ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

