প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ডিসির আচরণে ক্ষোভ, প্রেস ব্রিফিং বর্জন সাংবাদিকদের

আজকের কথা ডেস্ক

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের আয়োজিত প্রেস ব্রিফিং বর্জন করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাংবাদিকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হলেও সম্মেলন কক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। এতে অনেক পেশাদার সাংবাদিককে দাঁড়িয়ে থাকতে হয়।

তাদের দাবি, প্রকৃত সাংবাদিকদের তুলনায় সেখানে অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি বেশি ছিল। ফলে মূলধারার সাংবাদিকদের অনেকেই আসন পাননি। এ অবস্থায় সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে দ্বিতীয় ধাপে ব্রিফিং আয়োজনের অনুরোধ জানান।

অভিযোগ অনুযায়ী, এ সময় জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই। আগে এলে বসার জায়গা পেতেন।”

জেলা প্রশাসকের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা একযোগে সম্মেলন কক্ষ ত্যাগ করেন এবং প্রেস ব্রিফিং বর্জনের ঘোষণা দেন। পরে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, “সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসক অসৌজন্যমূলক আচরণ করেছেন। এর প্রতিবাদে আমরা প্রেস ব্রিফিং বর্জন করেছি।”

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি বলেন, “একজন জেলা প্রশাসকের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি নিজেই নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পরে এসেছেন, অথচ সাংবাদিকদেরই দোষারোপ করেছেন।”

সাংবাদিক নেতারা আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ন্যূনতম সম্মান ও বসার পরিবেশ নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক।

প্রেস ব্রিফিং বর্জন করে বেরিয়ে আসা সাংবাদিকদের মধ্যে ছিলেন— প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, বাংলাভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, এখন টেলিভিশনের আহসান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, স্টার নিউজের গাজী ফরহাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, সাংবাদিকরা নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পরে আসায় তারা আসন পাননি। তিনি দাবি করেন, কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, তিনি অনুষ্ঠানটি সাড়ে ১২টায় হবে বলে জেনেছিলেন এবং তথ্য অফিসার তাকে সে সময়ই জানিয়েছিলেন।

প্রিন্ট করুন