প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জের হাওরে নৌকাডুবি, ধান কাটতে গিয়ে শ্রমিক নিখোঁজ

IMG 20260513 WA0008
মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ইমান মিয়া নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দিনমজুর হিসেবে অন্যের জমিতে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান কাটার কাজে বুধবার সকালে চার শ্রমিক নূরপুর হাওরে যান। তারা স্থানীয় কৃষক জাকারিয়ার জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ বৈরী আবহাওয়া সৃষ্টি হলে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। পরিস্থিতি খারাপ হতে থাকায় শ্রমিকরা দ্রুত নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে প্রবল বাতাস ও উত্তাল পানির তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ইমান মিয়া নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা হাওরে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠা নেমে এসেছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা জানান, ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে নৌকাটি ডুবে যায়। তিনজন প্রাণে বাঁচলেও ইমান মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “হাওরে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।”

প্রিন্ট করুন