গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে তিনদিনব্যাপী সুকান্ত মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে গ্রামীণ সংস্কৃতিনির্ভর নানা আয়োজন। মেলার মাঠজুড়ে বসানো হয়েছে বিনোদনমূলক স্টল, হস্তশিল্প সামগ্রী ও বাহারি খাবারের দোকান। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সন্ধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। পরে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কবি সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক প্রিন্স আহমেদ।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের প্রগতিশীল ও মার্কসবাদী চেতনার অন্যতম তরুণ কবি ছিলেন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রামে। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ট্যাগ: সুকান্ত মেলা, কোটালীপাড়া সংবাদ, কবি সুকান্ত ভট্টাচার্য, গোপালগঞ্জ সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান

কামরুল হাসান, কোটালীপাড়া থেকে :