প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

IMG 20260514 WA0004 scaled
মো. মুশফিকুর রহমান তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় :

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএমএ প্রোগ্রামে ভর্তি হলে কোর্স ফি ছাড়, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়নের নানা সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে ‘CMA Choice: Your Future Professional Career an Exciting Success Route’ শীর্ষক সেমিনারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার চুক্তিতে স্বাক্ষর করেন। আইসিএমএবির পক্ষে সই করেন ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন।

চুক্তির আওতায় বিবিএ বা এমবিএ সম্পন্ন করে সিএমএ প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মোট ২০টি কোর্সের মধ্যে সর্বোচ্চ ছয়টি কোর্সে ছাড় পাবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য তিন মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অভিজ্ঞ পেশাজীবীদের মাধ্যমে শিক্ষার্থীদের মেন্টরিং ও কোচিং প্রদান করা হবে। বাস্তব অডিট ও কনসালটিং কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে ফিল্ড ভিজিটের ব্যবস্থাও থাকবে।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে কর্মক্ষেত্রের বিশাল সুযোগ রয়েছে। নিজেদের দক্ষতা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা ভালো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এবং হোসাইন মামলুক অ্যান্ড কোংয়ের প্রিন্সিপ্যাল মো. মামলুক হোসেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রিন্ট করুন