প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

জুনে চালু হচ্ছে আত্রাই নদীর সেতু

IMG 20260516 WA0011
নাজমুল হক, নওগাঁ থেকে :

জুনে চালু হচ্ছে আত্রাই নদীর সেতু—এমন খবরে স্বস্তি ফিরেছে নওগাঁর মহাদেবপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের মাঝে। দীর্ঘ প্রতীক্ষার পর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর শিবগঞ্জ–গোপিনাথপুর ঘাটে নির্মিত সেতুটি আগামী জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২৫৯ মিটার দীর্ঘ সেতুর মূল কাঠামোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সংযোগ সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সেতুটি চালু হলে মহাদেবপুর ছাড়াও মান্দা, পত্নীতলা ও পোরশা উপজেলার হাজারো মানুষ নিরাপদ ও দ্রুত সময়ে আত্রাই নদী পারাপারের সুযোগ পাবেন। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

স্থানীয়দের জানান, এতদিন শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষাকালে নৌকার মাধ্যমে ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে নদী পারাপার ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।

স্থানীয় গরু ব্যবসায়ী আলীম বলেন, “এই সেতু চালু হলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই নতুন গতি আসবে।”

মহাদেবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সৈকত দাস বলেন, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আগামী জুন মাসেই সেতুটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জুনে চালু হচ্ছে আত্রাই নদীর সেতু—এমন প্রত্যাশায় স্থানীয়দের মাঝে আনন্দের আমেজ তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রিন্ট করুন