কারিনা কায়সার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাকে নিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা ও বিভক্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একসময় কনটেন্ট নির্মাতা ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সারকে ঘিরে এখন আলোচনায় উঠে এসেছে তার পারিবারিক পরিচয়, রাজনৈতিক ঘনিষ্ঠতা, সামাজিক অবস্থান এবং সাম্প্রতিক নানা বিতর্ক।
কারিনা কায়সার দেশের অন্যতম পরিচিত ক্রীড়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং পরিবারের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রাণী হামিদও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, প্রভাবশালী ও পরিচিত পরিবার থেকে আসায় তার মিডিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পথ তুলনামূলক সহজ ছিল। তবে একই সঙ্গে অনেকে বলছেন, সুযোগ কাজে লাগিয়ে সফল হওয়া নিজে কোনো নেতিবাচক বিষয় নয়।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে কারিনা কায়সারের উপস্থিতি। বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে দেখা যায়। অনেকে দাবি করছেন, আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এদিকে গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর গণভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ও কারিনা কায়সারের নাম বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রমানসহ আলোচনায় আসে। এ সংক্রান্ত নানা অভিযোগ ও পোস্ট ভাইরাল হলেও মবের ভয়ে সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক রায় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কারিনা কায়সারের মৃত্যু ঘিরেও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আবার কেউ অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে উল্লাস করছেন। বিভিন্ন ফেসবুক পোস্ট, ভিডিও ও মন্তব্যে তাকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন এখন সামাজিক মাধ্যমেও দৃশ্যমান হচ্ছে।
কারিনা কায়সারকে ঘিরে চলমান আলোচনা আবারও দেখিয়ে দিয়েছে, দেশের রাজনৈতিক ও সামাজিক বিভাজন এখন বিনোদন অঙ্গনের ব্যক্তিদেরও কেন্দ্র করে নতুন মাত্রা পাচ্ছে। মৃত্যুর পরও তাকে নিয়ে বিতর্ক থামেনি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন আলোচনা, সমালোচনা ও প্রতিক্রিয়া সামনে আসছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক :