প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দুবাই ট্যাক্সি কোম্পানির সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক, ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা

FB IMG 1779015930684
আজকের কথা ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। সোমবার (১৭ মে ২০২৬) মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

মন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাশাপাশি তিনি ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী জনশক্তি নিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার কারণে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। চলতি বছরে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে অনেককে ঋণ নিতে হচ্ছে। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমিত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদসহ দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন