সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ ও রাষ্ট্রের বিবেক। একজন প্রকৃত সাংবাদিক সমাজের অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের চিত্র তুলে ধরে মানুষের পক্ষে কথা বলেন। সত্য প্রকাশ, জনমত গঠন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই সাংবাদিকতার মূল লক্ষ্য। এ কারণেই যুগ যুগ ধরে সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই মহান পেশার আড়ালে ঢুকে পড়েছে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি। তারা সাংবাদিকতার নীতি-নৈতিকতাকে উপেক্ষা করে মিথ্যা তথ্য, গুজব ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কখনো রাজনৈতিক উদ্দেশ্যে, কখনো আর্থিক লাভের আশায়, আবার কখনো সামাজিক প্রভাব বিস্তারের জন্য যাচাই-বাছাই ছাড়াই তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা।
বর্তমান ডিজিটাল যুগে একটি মিথ্যা সংবাদ মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার, বিভ্রান্তি ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। ধর্ম, রাজনীতি কিংবা ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপসাংবাদিকতা সমাজে বিভেদ, অবিশ্বাস ও অস্থিরতা তৈরি করছে।
একজন দায়িত্বশীল সাংবাদিক কখনো গুজব ছড়ান না। তিনি তথ্য যাচাই করেন, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেন এবং সত্যের পক্ষে অবস্থান নেন। কারণ একটি ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, কখনো কখনো একটি পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের জন্যও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সাংবাদিকতার সঙ্গে দায়িত্ববোধ, সততা ও নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত।
দুঃখজনক হলেও সত্য, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করছেন ব্ল্যাকমেইল, অপপ্রচার ও ব্যক্তিগত সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে। কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের সম্মানহানি করছেন, আবার কেউ ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছেন। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে—মিথ্যা সাময়িকভাবে আলোচনায় থাকলেও সত্য একদিন প্রকাশ পায়ই।
প্রকৃত সাংবাদিকরা সবসময় মানুষের পাশে থাকেন। তারা দুর্নীতির বিরুদ্ধে লেখেন, অসহায় মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন এবং সমাজকে সচেতন করার চেষ্টা করেন। তাদের কলম কখনো অন্যায়ের কাছে মাথানত করে না। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি।
তাই সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা, গুজব ও ভুয়া তথ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি সাংবাদিকদেরও পেশাগত নৈতিকতা মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ সংবাদ শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটি মানুষের বিশ্বাস, আস্থা ও সত্যের প্রতিফলন।
মনে রাখতে হবে, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য আলোচিত হতে পারে, কিন্তু সত্যকে কখনো চিরদিন আড়াল করা যায় না। শেষ পর্যন্ত সত্যই মানুষের সামনে বাস্তবতা তুলে ধরে এবং সঠিক পথ দেখায়।
লেখক-
মো. আমিনুল ইসলাম
নির্বাহী সম্পাদক, ঢাকা প্রেস।

মো. আমিনুল ইসলাম, নির্বাহী সম্পাদক, ঢাকা প্রেস