বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি Sheikh Hasina বলেছেন, তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন এবং “গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের গর্ব” নিয়েই বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। ভারতের দিল্লিতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী এক দীর্ঘ সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, জঙ্গিবাদ, বিচারব্যবস্থা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কথা বলেন।
ভারতের বিশিষ্ট সাংবাদিক Gautam Lahiriকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আন্তর্জাতিক পর্যায়েও সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি দাবি করেন, “আমার অনুপস্থিতি নীরবতা নয়। দেশের মানুষের জন্য আমি প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছি।”
সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা দমন করার যে কোনো চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে না। তার ভাষায়, “আওয়ামী লীগ মানুষের দল, জনগণের হৃদয়ে বেঁচে থাকা একটি রাজনৈতিক শক্তি।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের ভেতরে শুদ্ধিকরণের প্রশ্ন উঠলেও শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নিজের সাংগঠনিক প্রক্রিয়াতেই প্রয়োজনীয় সংস্কার ও মূল্যায়ন করবে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে দুর্বল করতে “ষড়যন্ত্রমূলক প্রচারণা” চালাচ্ছে।
দেশত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা স্বেচ্ছায় দেশ ছাড়েননি; বরং “রাজনৈতিক নির্যাতন ও নিরাপত্তাহীনতার কারণে” বিদেশে যেতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে দেশে অবস্থানরত নেতাকর্মীদের “সময়য়ের সাহসী যোদ্ধা” বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা দাবি করেন, তার সরকারের সময় দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল এখনও জনগণ ভোগ করছে।
জঙ্গিবাদ ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের পর দেশে উগ্রবাদী গোষ্ঠীগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জঙ্গিবাদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হয়েছিল।
শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় বিশ্বকে আরও সোচ্চার হতে হবে। তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে।”

আজকের কথা ডেস্ক