কুমিল্লার দেবীদ্বারে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক কারবারি রোমানা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাতে ঢাকার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোমানা আক্তারকে গ্রেফতার করে।
➤ ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক কারবারি গ্রেফতার
➤ সিদ্ধিরগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ
➤ রোমানার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা
গ্রেফতার রোমানা আক্তার (৩৫) দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মৃত রুবেল সরকারের স্ত্রী। এলাকাটিকে আন্তঃজেলা মাদক স্পট হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে মাদক পাচারের সময় দাউদকান্দি থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। পলাতক অবস্থায় ২০২৪ সালে আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন অভিযান পরিচালনার পর অবশেষে পলাতক রোমানা আক্তারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি জানান, দেবীদ্বার থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এবিএম আতিকুর রহমান বাশার