
পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানের ভালো ফলন পেয়ে খুশি হয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের বোরো ধান মোট ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বেংহারি এলাকায় উন্নত জাতের ধান বীজ এজেড ৬৪৫৩ এসটি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও বেসরকারি কৃষি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন এবং পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় কৃষকরা জানান, নতুন জাতের এই বোরো ধানে ফলন আশানুরূপ হয়েছে এবং রোগবালাই তুলনামূলকভাবে কম দেখা গেছে। এতে উৎপাদন খরচ কমে লাভ বেশি হয়েছে বলে তারা জানান।
কৃষকদের আরও দাবি, প্রতিটি গাছেই ধান ভরপুর থাকায় ফলন ভালো হয়েছে। ধান সহজে ঝরে পড়ে না এবং ফসলের সামগ্রিক অবস্থাও ভালো রয়েছে। আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই জাতের ধান চাষের আগ্রহ প্রকাশ করেন তারা।
ট্যাগ: পঞ্চগড়, বোরো ধান, কৃষি, উন্নত জাত, কৃষক সাফল্য

