সৌদি আরবে হজ কার্যক্রম তদারকিতে গিয়ে কর্মব্যস্ত প্রথম দিন পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি হজযাত্রীদের সেবার মানও পরিদর্শন করেন তিনি।
এ সময় হজ টিমের সদস্যদের দায়িত্ব পালনে অবহেলা না করার কঠোর সতর্কবার্তা দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, যারা দায়িত্ব যথাযথভাবে পালন না করে শুধু সৌদি আরবে ঘোরাফেরা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২১ মে) সৌদি আরবে পৌঁছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দার রিজ কার্লটন হোটেলে আয়োজিত হজ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ বৈঠকে অংশ নেন ধর্মমন্ত্রী। এতে বিভিন্ন দেশের ধর্ম ও হজবিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ ব্যবস্থাপনায় বিভিন্ন দেশের সহযোগিতার প্রশংসা করেন। তিনি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এবং নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনুমোদিত পরিবহন ব্যবহার ও ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসরণের আহ্বান জানান।
হজ ব্যবস্থাপনায় উন্নয়নের জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা সৌদি সরকার, বাদশাহ, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স ও হজ মন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন। সেখানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি ও জ্ঞানীগুণীরা উপস্থিত ছিলেন।
এ সময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে মক্কায় বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। সেখানে চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
হজ কার্যক্রম তদারকিতে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। দায়িত্ব পালনে আন্তরিক কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে দায়িত্বে শৈথিল্য বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট সদস্যদের ভ্রমণ সুবিধা কর্তনের হুঁশিয়ারিও দেন ধর্মমন্ত্রী।

আজকের কথা ডেস্ক