কুমিল্লার দেবীদ্বারে আলোচিত “রেড ৯৯৯” ও “বিজিএম” নামে দুই কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার (২০ মে) দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা সদরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগও ওঠে। এর আগেও থানা গেট এলাকায় অস্ত্রের মহড়া এবং ইয়াবা সেবন নিয়ে সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার পর বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং বাকিদের ছেড়ে দেওয়া হয়।
আটকরা হলেন—জাভেদ (১৯), তুহিন (২০), শাহীন (২০), শাহীন (১৮), সাদাত হোসেন (১৯), সাকিবুল হাসান (১৮), সাইমন (১৮) ও ফয়সাল মিয়া (১৮)। তারা বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দেবীদ্বার থানার এসআই সাগর বড়ুয়া বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাং ও মাদকের প্রভাবে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে ভয়ে প্রকাশ্যে কথা বলতেও সাহস পাচ্ছেন না।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কিশোর গ্যাং ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড দমনে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মামলার এজাহারভুক্ত আরও ১৭ জন পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএম আতিকুর রহমান বাশার