কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক মামলার এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে ইব্রাহিম (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আটক ইব্রাহিম উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি গণধর্ষণ মামলা ও দুটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, একাধিক অভিযানের পরও এতদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিমের মাদক কারবারের কারণে এলাকার বহু কিশোর ও যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও সামাজিক অবক্ষয়ের পেছনেও মাদকের বিস্তারকে দায়ী করছেন তারা।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক মামলার পলাতক আসামি ইব্রাহিমকে গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। মুরাদনগরকে মাদক ও অপরাধমুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

ফাহিমা বেগম প্রিয়া