প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

কোটালীপাড়ায় খালে পড়ে গেলো গরুবাহী ট্রাক, মারা গেল ৪ গরু

কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক দুর্ঘটনা
কামরুল হাসান, কোটালীপাড়া :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গার শিয়ালমারি গরুর হাট থেকে কেনা হয়েছিল। সেগুলো বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া হাটে নেওয়া হচ্ছিল। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে জীবিত চারটি গরুকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ট্রাক চালক নজরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

গরুর বেপারিরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের রানা বেপারী এবং মশাং গ্রামের লিটন বেপারী। তাদের দাবি, নিহত চারটি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। কোরবানির ঈদ উপলক্ষে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, ঋণ ও ধার করে গরু কিনেছিলেন। ঈদের হাটে বিক্রি করে সংসারের অবস্থার উন্নতি হবে বলে আশা করেছিলেন। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে।

লিটন বেপারী বলেন, “আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, কিন্তু গরুগুলো মারা যাওয়ায় বড় ক্ষতি হয়ে গেছে।”

স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রাকটি খালে পড়ে আছে এবং গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করেন তিনি।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট করুন