
ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ডার্বি নাসির ওরফে নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার সময় তাকে কিল-ঘুষি লাথি মারা হয়েছে এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন।
ডার্বি নাসির আরও বলেন, “আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।”
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান করছেন বলে জানান তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন।

