ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
জানা গেছে, ছাত্রদলের মামলাকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা। সংবাদ সম্মেলনে যোগ দিতে মিলনায়তনে পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ২২ মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ডিম নিক্ষেপ, হাতাহাতি, মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে পাল্টা মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়।
সেই মামলায় সংবাদ সম্মেলনে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের কথা ডেস্ক